অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে নিউজিল্যান্ড শীর্ষে উঠে এসেছে। কেপটাউনে জিতে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২৫-২৭ চক্রে তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭১ দশমিক ৪৩।
অন্যদিকে, তালিকার চারে থাকা বাংলাদেশ এক ধাপ নেমে পাঁচে চলে গেছে। সাত ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪০ এবং পয়েন্ট শতাংশ ৪৭ দশমিক ৬২। এই চক্রে বাংলাদেশের বাকি রয়েছে পাঁচটি টেস্ট।
বাকি পাঁচ ম্যাচের মধ্যে একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে, দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে এবং দুটি ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলবে বাংলাদেশ।
ফাইনালে ওঠার সম্ভাবনা ধরে রাখতে হলে পাঁচ ম্যাচের সবকটিতেই জিততে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে দলের পয়েন্ট শতাংশ ৬৫ ছাড়িয়ে যাবে। কিন্তু একটি ম্যাচেও হারলে পয়েন্ট শতাংশ নেমে আসবে ৬১-তে, যা শীর্ষ দুইয়ে থাকার জন্য যথেষ্ট হবে না।
তবে এই সমীকরণ মেলানো বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হোয়াইটওয়াশ করতে হবে। অথচ টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। পাশাপাশি দেশের মাটিতে ইংল্যান্ডকেও হোয়াইটওয়াশ করতে হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা ম্যাচটি জিতে সিরিজ ড্র করতে হবে।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। কাগজে-কলমে ফাইনালে ওঠার সুযোগ থাকলেও সেই লক্ষ্য পূরণে বাকি পাঁচ ম্যাচেই নিখুঁত পারফরম্যান্স করতে হবে টাইগারদের।

