আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৫ থেকে ৪৫ কেজি ওজনের বিভিন্ন সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা এবং সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বাজারে এলপিজির সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

