নানা অনিশ্চয়তা ও জটিলতা কাটিয়ে অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ‘এমভি বার আউলিয়া’।দীর্ঘ বিরতি শেষে প্রবাল দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পর্যটকেরা।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন ‘স্কোয়াব’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, চলতি মৌসুমে সাময়িকভাবে ৩টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও প্রথম দিন শুধু ‘এমভি বার আউলিয়া’ যাত্রা করেছে। বাকি দুটি জাহাজ—‘এমভি কর্ণফুলি’ ও ‘এমভি টেকনাফ’ শুক্রবার (৬ নভেম্বর) থেকে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে। ট্যুরিজম বোর্ডের ট্রাভেল পাস ও সার্ভারের মাধ্যমে টিকিটিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যেখানে একমুখী ভাড়া সর্বনিম্ন ১,৮০০ টাকা থেকে কেবিন ভেদে ৫,০০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। পর্যটকেরা রাত যাপনের সুযোগও পাচ্ছেন। দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করে কীভাবে পর্যটন কার্যক্রম পরিচালিত হবে, তা নিয়ে জেলা প্রশাসনের সমন্বয় সভায় চূড়ান্ত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

