ঢাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে বিচারক রিপন হোসেন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন জানান, দুই দফায় মোট সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও ঘটনার মূল রহস্য ও আলামত উদ্ধারে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নেওয়ার পর উত্তরার বিভিন্ন স্থানে খাবার ও বিয়ার পান শেষে তাঁরা টঙ্গীর তুরাগ নদীর তীরের দিকে যান। এর পর কীভাবে তাহসিফ হত্যার শিকার হন, সে বিষয়ে আসামি কোনো সদুত্তর দিচ্ছেন না এবং তথ্য এড়িয়ে যাচ্ছেন। তাই সিসিটিভি ফুটেজ, কললিস্টের তথ্যের সঙ্গে মিলিয়ে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও সহযোগীদের চিহ্নিত করতেই তাঁকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে।

