পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে দেশের পাঁচটি হাসপাতালে দ্রুতই টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাজধানী ঢাকায় পাইলট প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পিপিপি পদ্ধতিতে সেবা চালুর লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেবাগ্রহীতাদের চার্জ নির্ধারণে আগামী সপ্তাহে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশজুড়ে চিকিৎসকের সংকট নিরসনে পিএসসির মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া (ইন্টারভিউ পর্ব) চলমান রয়েছে এবং বগুড়ায় ১৭ জন নতুন চিকিৎসককে পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

