কিশোরগঞ্জ ব্যুরো: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন।
তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই।
নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, এবার সাধারণ নির্বাচনে ৫ নম্বর আসনে মুজাহিদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন এবং প্রাথমিক ফলাফলে তাঁর নামে ৩৫ হাজার ১০১টি ভোট দেখানো হয়েছে। এর আগে গত ১৯ মে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। ২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে সিনেটর নির্বাচিত হন মুজাহিদ। যুক্তরাষ্ট্রে তাঁর এই ধারাবাহিক বিজয়ে জন্মস্থান বাজিতপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উচ্ছ্বসিত এলাকাবাসী।

