হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
বুধবার (৫ নভেম্বর) রাতে জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় এই মামলা করেন। গত ৪ নভেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকায় জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা পাইপলাইন ছিদ্র করে তেল চুরির বিষয়টি উদঘাটন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত ক্ল্যাম্প, পাইপ ও বলভালভসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এছাড়া অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক এবং মাটির নিচে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধান পাওয়া যায়। জিটিসিএল কর্তৃপক্ষ জানায়, গত দুই দিনে চুরি হওয়া ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। ক্ষতিগ্রস্ত পাইপলাইন ইতিমধ্যে মেরামত করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

