ভালোবাসার টানে বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ীর এক নারীকে বিয়ে করেছেন ফিনল্যান্ডের নাগরিক মিকাইল। এ বিয়ের মধ্য দিয়ে প্রায় তিন বছর আগে বাবাকে হারানো পাঁচ বছরের শিশু রায়হানও নতুন করে বাবার স্নেহ পাওয়ার সুযোগ পেয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শান্তিনা জাহান সিমির প্রথম স্বামী প্রায় তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর ছেলে রায়হানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ফিনল্যান্ডে বসবাসকারী এক আত্মীয়ের মাধ্যমে সিমির সঙ্গে দেশটির নাগরিক সিমোলা মিকার (৩৮) পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
সিমি ও তার সন্তানকে নিজের জীবনের অংশ করে নিতে গত ২ অক্টোবর বাংলাদেশে আসেন মিকাইল। পরে জামালপুরে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মিকাইল রাখেন। এরপর ধর্মীয় রীতি ও নিবন্ধিত কাজির মাধ্যমে ১০ লাখ টাকা দেনমোহরে সিমির সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
পরিবারের সদস্যরা জানান, দুই পরিবারের সম্মতিতেই বিয়েটি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিকাইল শিশু রায়হানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেছেন।
আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন। সেখান থেকে সিমি ও তার সন্তানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই নতুন দম্পতিকে শুভকামনা জানাচ্ছেন।
সিমি বলেন, স্বামী হারানোর পর একসময় তার মনে হয়েছিল জীবন থমকে গেছে। কিন্তু মিকাইল তাকে ও তার সন্তানকে নতুনভাবে জীবন শুরু করার সাহস দিয়েছেন। তার ভাষ্য, ভালোবাসার ক্ষেত্রে ভাষা বাধা নয়, মনের বোঝাপড়াই আসল।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তবে এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।

