বিয়ের দাবিতে অবস্থান, ১ লাখ ২০ হাজারে মীমাংসা; ছাত্রদল নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া এক নারীর ঘটনাকে কেন্দ্র করে ১ লাখ ২০ হাজার টাকায় সমঝোতার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় এ মীমাংসা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ওই নারীর মুঠোফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলতে চাপ দেওয়া এবং বাড়িতে পৌঁছে দেওয়ার খরচের কথা বলে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন সোমবার মেলান্দহের রূপসীহাটা এলাকায় প্রেমিক আলী হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন নুর জাহান নামে ওই নারী। তার অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের আশ্বাসে আলী হোসেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়েতে টালবাহানা শুরু করলে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।

নুর জাহানের দাবি, পরে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে। সেখানে ছাত্রদল নেতা জাকারিয়া আহম্মেদ জুয়েল তাকে মুঠোফোনে থাকা কিছু তথ্য মুছে ফেলতে চাপ দেন। পরে দুই পক্ষের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা হয়। ওই টাকা নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার পর জুয়েল ৭ হাজার টাকা নেন বলেও অভিযোগ করেন তিনি।

ওই নারীর ফুফু সাহারা খাতুনও দাবি করেন, রাতে জুয়েল ৭ হাজার টাকা নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে জাকারিয়া আহম্মেদ জুয়েল বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ওই নারীকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সালিসে একজন ব্যক্তিকে নিজের পকেট থেকে ১ হাজার টাকা দিয়েছিলেন এবং পরে শুধু সেই টাকা ফেরত নিয়েছেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান রনি বলেন, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জেলা নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিলও বলেন, কোনো নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ