নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫) নামের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উত্তরা দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফালু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

