টানা ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান–থানচি সড়কে আবারও যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ সড়কে বাস চলাচল শুরু করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বাস মালিক সমিতির অভিযোগ, একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে চাঁদা দাবি এবং বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর গত ৮ অক্টোবর থেকে বান্দরবান–থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে থানচিসহ আশপাশের এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকেরা চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি স্বাভাবিক করতে মঙ্গলবার প্রশাসন, সেনাবাহিনী, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সড়কের ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়। এরপর বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবান থানচি বাসস্টেশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে বান্দরবান স্টেশন থেকে থানচির উদ্দেশে বাস ছেড়ে যায়। দিনের নির্ধারিত সময় পর্যন্ত উভয় দিক থেকেই বাস চলাচল করার কথা রয়েছে।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে কিছুটা ঝুঁকি নিয়েই তারা বাস চলাচল শুরু করেছেন। বিশেষ করে ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ছয় দিন পর বাস চলাচল শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে নিয়মিত নিরাপত্তা নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

