দুর্গাপূজার বোনাস দাবিতে মিরতিংগা চা বাগানে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বাগানের ফ্যাক্টরি এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

সকাল থেকেই শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বাগানের কর্মরত শ্রমিকরা একত্রিত হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেন বলে আয়োজকদের দাবি।

আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন, পূজার আগে বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। মালিকপক্ষের কোনো ধরনের টালবাহানা তারা মেনে নেবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাংসহ শ্রমিক নেতারা।

তারা অভিযোগ করেন, দুর্গাপূজা সামনে রেখে শ্রমিকদের বোনাস ও বকেয়া পাওনা পরিশোধে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে শ্রমিক পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এ বিষয়ে দেউন্ডি টি কোম্পানির মিরতিংগা চা বাগান ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর পূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দেওয়া হয়। তবে এবার বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সময়মতো ঋণ না পাওয়ায় ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষ চেষ্টা করছে। তবে শ্রমিকরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।

শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের আর্থিক সংকট—দুই পক্ষের অবস্থান ভিন্ন থাকায় বাগানে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ নিউজ