নাটোরে বাস–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের নাটোর সদর হাসপাতাল, স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে সব নিহত ও আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সর্বশেষ নিউজ