কারাগারে ইমরান খানকে খেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কোরেশি।
রোববার এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কোরেশি বলেন, আইনজীবীদেরও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। পাওয়ার অব অ্যাটর্নিতে পিটিআই প্রধানের স্বাক্ষর ছাড়া তার মুক্তির জন্য আপিল করাও সম্ভব হচ্ছে না। ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পলি ক্লিনিক মেডিকেল বোর্ডে নিয়ে যাওয়া হয়নি। যদিও এটি সব বন্দির অধিকার; আর এটা কারাগার কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানান কোরেশি।
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এ ছাড়া আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।
(এইদিনএইসময়/০৭আগস্ট/এলএ)

