আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ঘোষণার পর দেশটির নাগরিকদের মধ্যে গুগলে বিভিন্ন বিষয়ে ব্যাপক অনুসন্ধান দেখা গেছে। এর মধ্যে নির্বাচনি ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ বিজয়ী ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ‘হাবিবি’ বলে সম্বোধন করার পরই মূলত শব্দটির অর্থ জানতে অনলাইনে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে গুগলে সর্বাধিক অনুসন্ধান করা শীর্ষ ১০টি বিষয়ের মধ্যে ‘হাবিবি শব্দের অর্থ’ অন্যতম একটি বিষয় হিসেবে জায়গা করে নেয়। মিশিগান থেকে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়া আবদুল আল-সাইদ তাঁর বিজয়ী ভাষণে রসিকতার ছলে জেডি ভ্যান্সকে উদ্দেশ করে বলেন, ‘জেডি, হাবিবি, ব্যাপারটি বেশ কৌতুকের। আগামী জানুয়ারিতে শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব তোমার ওপরই রয়েছে।’ এরপরই গ্রিনিচ মান সময় বুধবার সন্ধ্যায় শব্দটির অর্থ জানতে গুগলে অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পায়। আরবি ভাষায় ‘হাবিবি’ একটি স্নেহসূচক শব্দ, যা সাধারণত বন্ধু বা প্রিয়জনকে আন্তরিকতা প্রকাশ করতে ব্যবহার করা হয়।

