নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে শুনানি শেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকায় পরীমনির জামিন বাতিল করে গ্রেফাতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। পরোয়ানা জারির এক দিন পরই বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।
২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবে ভাঙচুর, মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

