রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নদে ভাসমান অবস্থায় উদ্ধার করা মরদেহের পরিচয় পকেটে থাকা আইফোনের মাধ্যমে শনাক্ত করা হয়।
তাহসিফ সাউরির বয়স আনুমানিক ২৮ বছর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসিন্দা। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর।
তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের ছড়িয়ে পড়া ভিডিওটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। তবে নৌ পুলিশের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।

