ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি, জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনে জাতীয় নির্বাচনের মাত্র আট মাস পর আবারও ভোট দিচ্ছেন ভোটাররা।
উপনির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়।
নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

