এইচএসসিতে ১-২ বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছে ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আগামী এক মাসের মধ্যে তাদের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে শিক্ষার্থীদের। শনিবার একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময়সূচি ও অংশগ্রহণের নিয়ম পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ নিউজ