স্বাধীনতা হচ্ছে স্বতন্ত্র্য ব্যক্তি বা সম্প্রদায়ের; নির্ভয়ে, বিনা প্রহরতায় বা কর্তৃপক্ষের নির্দেশনা, অনুমোদন গ্রহণের বাধ্যতা ব্যতিরেকে নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করার সমর্থিত মুলনীতি।
“মত প্রকাশের স্বাধীনতা” (freedom of expression) শব্দপুঞ্জটিকেও কখনও কখনও বাকস্বাধীনতার স্থলে ব্যবহার করা হয়, তবে এক্ষেত্রে বাকস্বাধীনতার সাথে মাধ্যম নির্বিশেষে তথ্য বা ধারণার অন্বেষণ, গ্রহণ এবং প্রদান সম্পর্কিত যেকোন কার্যের অধিকারকেও বুঝিয়ে থাকে।
রুজভেল্ট এবং মানবাধিকার সনদ (১৯৪৯) এর ১৯ নং অনুচ্ছেদ অনুযায়ী- “প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত এবং অভিব্যক্তি প্রকাশ করার। এই অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নিজের স্বাধীনচেতায় কোনো বাধা ব্যতীত অটল থাকা; পুরো বিশ্বের যে কোনো মাধ্যম থেকে যে কোনো তথ্য অর্জন করা বা অন্য কোথাও সে তথ্য বা চিন্তা জ্ঞাপন করার অধিকার”।
বাংলাদেশের গত১৫ বছরের স্বৈরাচারের শাষন আমলে সাইবার আইনের আওতায় এত বেশি সংখ্যক মানুষের উপরে অত্যাচার করেছে সাবেক আওয়ামী লীগ সরকার যা ছিল নজির বিহীন।
ভুক্তভোগীদের কেউ কেবল তার ভিন্ন মতটাই প্রকাশ করেছিলেন। কেউ এঁকেছিলেন রাজনৈতিক কার্টুন। কেউবা অনলাইনে নিছক রসিকতা কিংবা ঠাট্টার ছলে কিছু কথা বলেছিলেন।
একটি স্বাভাবিক গণতান্ত্রিক পরিসরে এর সবগুলোই ছিলো তাদের সাধারণ, স্বভাবসিদ্ধ প্রতিক্রিয়া। কিন্তু এতটুকু প্রতিক্রিয়ার জেরেই তাদের প্রত্যেককেই কারাগারে যেতে হয়েছিল। অনেকের কপালে জুটেছিল তীব্র শারীরিক ও মানসিক নির্যাতন।
ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকে এভাবেই প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ও পরে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) ব্যবহার করে মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল; যা কুখ্যাতি পেয়েছিল ‘কালাকানুন’ হিসেবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে সংস্কারের দাবির মধ্যে সব কালাকানুন বাতিল বা সংস্কারের দাবিও সামনে আসে।
এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরপত্তা আইন বাতিল করার যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাতে স্বস্তি প্রকাশ করেছেন এই আইনের শিকার ব্যক্তিরা।
বাংলাদেশের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-ডিএসএ পরিবর্তন করে তার জায়গায় ভিন্ন একটি আইন আনার সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয় ২০২৩ সালে।এই নতুন আইনটির নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন-২০২৩। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তখন জানান পূর্ববর্তী ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় পরিবর্তন এনে এই আইনটি করা হয়েছে। বাংলাদেশের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-ডিএসএ এর ২১ নম্বর ধারায় উল্লেখকরা হয়
এই ধারা অনুযায়ী, যদি কোন ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো রকম প্রোপাগান্ডা ও প্রচারণা চালায় বা তাতে মদদ দেয় তাহলে সেটি অপরাধ বলে গণ্য হবেএবং এর জন্য ৭বছরের কারাদন্ড ভোগ করতে হবে।
ডিএসএ এর ৪৩ ধারা নিয়ে বড় বিতর্ক রয়েছে।তেতাল্লিশ ধারা অনুযায়ী, যদি কোনো পুলিশ কর্মকর্তা মনে করেন যে, কোনো স্থানে এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সাক্ষ্য প্রমাণাদি হারানো, নষ্ট হওয়া, মুছে ফেলা, পরিবর্তন হওয়ার বা করার সম্ভাবনা রয়েছে তাহলে তার, কোন পরোয়ানা ছাড়াই সেখানে তল্লাসি, সরঞ্জাম জব্দ, দেহ তল্লাসি, এবং পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার রয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮,২৯,৩০ ধারাগুলো বাতিলের বিষয়ে নানা সময়ে আহ্বানও জানানো হয়েছিল।এই ধারাগুলো বাতিল না করে সামান্য কিছু পরিবর্তন আনাহয়েছে বলে তেইশ সনে জানিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী।
তিনি বলেছিলেন, “আমরা সবসময়ই বলেছি যে বাতিল করা যাবে না। এগুলো সংশোধন করা হবে এবং সেটাই করা হয়েছে।”
ডিএসএ-র ২৮ ধারায় বলা হয় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করা বা উস্কানি দেয়ার জন্য ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ বা প্রচার করে, যা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে, তাহলে তা অপরাধ হবে। এই অপরাধের ক্ষেত্রে পাঁচ বছর কারাদণ্ড, বা দশ লাখ টাকা জরিমানার বিধান ছিল পরবর্তীতে শাস্তির পরিমাণ কমিয়ে আনা হয়। এটা আগে ছিল অ-জামিনযোগ্য। এটা জামিন-যোগ্য করা হয়।
ডিএসএ এর ২৯ ধারায় বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার করেন, তাহলে তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়।
এই ধারায় পরিবর্তন এনে কারাদণ্ডের যে সাজা ছিল সেটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে। এখানে শাস্তি হবে শুধু জরিমানা। আর জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড হতে পারে।এই ধারা নিয়ে সাবেক আইনমন্ত্রী বলেন, সর্বোচ্চ জরিমানা ২৫ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।
তিনি আরো বলেছিলেন, দেওয়ানি আইনে কেউ মানহানির জন্য মামলা করলে ক্ষতিপূরণ চাওয়ার কোন সীমা নেই। তিনি চাইলে ১০০ কোটি টাকাও ক্ষতিপূরণ চাইতে পারেন। তবে সেটা কমিয়ে সর্বোচ্চ আদায় যোগ্য জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টাকা।
তবে কত টাকা জরিমানা করা হবে তা নির্ধারণ করবে আদালত। মানহানির মামলায় এখন যেহেতু কোন কারাদণ্ড নেই, তাই এই ধারায় কাউকে গ্রেফতারও করা যাবে না বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী।
ডিএসএ’র ৩১ ধারায় এর আগে উল্লেখ করা হয়েছিল, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন বা করান, যা বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বা অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ছিল ৫ বছর এবং পাঁচ লাখ টাকা জরিমানা।
৩২ ধারায় সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধের শাস্তি ১৪ বছর করা হয়। ৩৩ ধারা হ্যাকিং সম্পর্কিত অপরাধ নামে নতুন ধারা প্রতিস্থাপন করা হয় ২৩ সালে । এই অপরাধের শাস্তি অনধিক ১৪ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।
ডিএসএ এর ৩৩ ধারায় বলা হয়েছিল যে, যদি কোনো ব্যক্তি কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমে বে-আইনিভাবে প্রবেশ করে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো আর্থিক বা বাণিজ্যিক সংস্থার কোনো তথ্য-উপাত্তের কোনো ধরণের সংযোজন বা বিয়োজন, স্থানান্তর বা স্থানান্তরের উদ্দেশ্যে সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন, তাহলে তা অপরাধ বলে ধরা হবে।
এই আইনঅটিকে মানুষের বাক্স্বাধীনতার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখার ষড়যন্ত্রের একটি প্রধান উপায় ছিলো এই সাইবার নিরাপত্তা আইন।
গোলাম মাহফুজ বলেন, ‘২০১৮-১৯ সালে ব্যাপকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছিল। এর প্রতিবাদে বিষয়টি নিয়ে সে সময় ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এর জের ধরে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর র্যাবের একটি দল আমাকে আটক করে। তাদের অভিযোগ ছিল, আমি ওই বাহিনীর বিরুদ্ধে লিখেছি িএবং ক্রসফায়ারের তথ্য সংগ্রহ করছি।’
এই নৌ-স্থপতি যে পোস্টটি দিয়েছিলেন সেটা ছিল গণমাধ্যমে প্রকাশিত তথ্য। কিন্তু তার এই ব্যাখ্যা কাজে আসেনি। টানা সাতবার তার জামিন আবেদন বাতিল করা হয়।
গোলাম মাহফুজ জোয়ার্দার একা ছিলেন না। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে তিন হাজার ২০৮ জনের নাম উল্লেখ এবং দুই হাজার ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের তথ্য অনুসারে, পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে করা সাইবার নিরাপত্তা আইনে আরও ৩৭২ জনের বিরুদ্ধে মামলা হয়। এ পরিসংখ্যানে যৌন হয়রানি, ব্ল্যাকমেইল ও জালিয়াতির জন্য দায়ের করা মামলাগুলি অন্তর্ভুক্ত করা হয়নি।
এই পাঁচ হাজারেরও বেশি অভিযুক্তের মধ্যে প্রায় অর্ধেকের (২,৩০৮ জন) বিরুদ্ধে মামলা হয়েছে সরকার, পদধারী বা নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা সমালোচনামূলক পোস্টের জন্য। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করায় ২১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এ আইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
উদাহরণ হিসেবে বলা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তদের প্রতি তিনজনের একজন এবং সাইবার নিরাপত্তা আইনে আসামিদের মধ্যে প্রতি চারজনের একজন সাংবাদিক।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের তথ্য অনুসারে, সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জন্য অন্তত ২২৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আর ডিজিটাল নিরাপত্তা আইনে আসামিদের প্রায় এক-তৃতীয়াংশ এবং সাইবার নিরাপত্তা আইনে মামলার আসামিদের অর্ধেকের বেশি রাজনীতিবিদ।
ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন অযোগ্য বিধান দিয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই অপরাধে অভিযুক্ত ৯৯ জনের মধ্যে ৪৪ শতাংশই ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের।
গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সারা দেশে আটটি সাইবার ট্রাইব্যুনালে অন্তত পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান আছে।
এর মধ্যে এক হাজার ৩৪০টি মামলা ‘কথা বলার অপরাধে’; যার মধ্যে ৮৭৯টি মামলা বিচারাধীন এবং ৪৬১টির তদন্ত চলছে।
২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় সরকারি ত্রাণ বিতরণে বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়। দিদারুল বলেন, তাকে চোখ বেঁধে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পাঁচ মাস জেল খাটতে হয়েছে তাকে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ ২০২১ সালে কারাগারে মারা যান। এছাড়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, সাংবাদিক তাসনিম খলিল, সাংবাদিক শাহেদ আলমসহ ১১ জনের বিরুদ্ধে ‘গুজব ছড়ানো ও সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার’ অভিযোগ আনা হয়।
আবার মামলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টও করতে হয়নি।
মাত্র ১৭ বছর বয়সে ফেসবুকে একটি ওয়েবিনার উপস্থাপনা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে অতিথি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন কিছু সমালোচনামূলক মন্তব্য করেন। মামলায় প্রবাসী দেলোয়ারকেও আসামি করা হয়।
খাদিজাতুল কুবরা কারাগারে ছিলেন প্রায় ১৫ মাস। জামিনের জন্য তাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়। গতকাল ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় সেই ‘অগ্নিপরীক্ষার’ বর্ণনা দিয়ে তিনি জানান, এই মামলায় তার নিয়মিত পড়াশোনা ও জীবনের স্বাভাবিক গতিপথকে ভয়াবহভাবে প্রভাবিত করেছে।
খাদিজা এ আইন বাতিলের নীতিগত সিদ্ধান্তকে ভুক্তভোগীদের জন্য একপ্রকার বিজয় বলে অভিহিত করেন। বলেন, ‘আশা করব এ ধরনের সব আইন বাতিল করা হবে।’

