রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার স্মরণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল প্রদর্শনী উদ্বোধনকালে মাওলানা মামুনুল হক বলেন, “সেদিন সরকার দেড় লাখের বেশি বুলেট এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ এবং ঠান্ডা মাথার খুন।” তিনি আরও উল্লেখ করেন যে, শাপলা চত্বরের শাহাদাতের রক্তের ওপর ভিত্তি করেই ২০২৪ সালের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তিনি আরও বলেন শাপলা থেকেই জুলাই এক অবিচ্ছেদ্ধ ধারা।
প্রদর্শনীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম বলেন, ২০১৩ সালের মতো গণহত্যা যেন বাংলাদেশে আর দ্বিতীয়বার না ঘটে। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বিকাল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর সমাপ্তি ঘটে।

