অভিনেতা মুকুল দেব আর নেই

বিনোদন ডেস্ক,
spot_img
spot_img

ভারতের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর খবরটি শনিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুকুল দেব গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

‘সন অফ সরদার’ চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং তাঁর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি বলেন, “মুকুলকে আর বড় পর্দায় দেখতে না পাওয়াটা আমাদের সবার জন্যই গভীর বেদনার। বাবা—মায়ের মৃত্যুর পর থেকে সে একা হয়ে পড়েছিল, কারো সঙ্গে মেলামেশা করত না। শেষ দিকে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়।”

অভিনেত্রী ও বন্ধু দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান, “মুকুল তার অসুস্থতা কখনো প্রকাশ করত না। আমাদের বন্ধুবান্ধবদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে সে প্রায়ই থাকত। সকালে ঘুম থেকে উঠে তার মৃত্যুর খবর পেয়ে আমি হতবাক হয়ে যাই। তখন থেকেই ওকে ফোন করছিলাম, ভেবেছিলাম, যদি ধরেই ফেলে!”

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করে তিনি নজর কাড়েন দর্শকদের। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে— ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘ডন’ এবং ‘সন অফ সরদার’। হিন্দি ছাড়াও তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

উল্লেখ্য, প্রয়াত মুকুল দেব ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা রাহুল দেবের ভাই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডসহ পুরো বিনোদন অঙ্গনে।

 

সর্বশেষ নিউজ