শনিবার মধ্যরাত এবং রোববার ভোরে ইরান দুই দফায় ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জনের মতো।
উত্তর ইসরাইলের একটি আরব-অধ্যুষিত শহরে খাতিব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এই শহরটিতে নিরাপদ আশ্রয়ের সুযোগ সীমিত হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল ও আলজাজিরা।
অন্যদিকে, মধ্য ইসরাইলের বাত ইয়াম শহরে ভোরের দিকে চালানো হামলায় ৬০ বছর বয়সি এক নারী নিহত হন। একই এলাকায় আহত হন আরও অন্তত ৩০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রেহোবোত শহরে দুইজন গুরুতর আহত হয়েছেন।
এই হামলার ফলে ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিব ও রামাত গান শহরে একাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সেখানে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ পায়নি।
হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানালেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

