বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মির্জা গালিব রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যদি শিবিরের প্যানেল ঢাবি আর জাবির মতো জিতে যায়, তাহলে বুঝতে হবে এই দেশের তরুণদের রাজনৈতিক মনোজগতে সত্যিই একটা পরিবর্তন আসছে।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে শিবিরপন্থী প্যানেলের সক্রিয়তা ও আলোচনা বৃদ্ধি পাওয়ায়, রাকসু ও চাকসু নির্বাচন ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে বর্তমানে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন।

