মেলান্দহে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি–অনিয়মের অভিযোগ, অপসারণ দাবি

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের দশজন ইউপি সদস্য তার অপসারণের দাবি জানিয়েছেন। অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬ টন চাল মেলান্দহ খাদ্যগুদাম থেকে উত্তোলনের পর গোপনে বিক্রি করে দেন প্যানেল চেয়ারম্যান আমিনুল হক। এছাড়া ঈদুল আজহার সময়ও ৫০ কেজি ওজনের ২০ বস্তা ভিজিএফ চাল বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইউপি সদস্যদের অভিযোগ, প্রকল্প বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকার বিনিময়ে সভাপতি মনোনয়ন দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রকল্প গ্রহণকারীদের কাছ থেকেও ৩৫ শতাংশ টাকা অগ্রিম দাবি করা হয়েছে বলে জানান তারা।
ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরহাদ ও মুসলিম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ ব্যক্তি। বিভিন্ন সময়ে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ঈদুল ফিতরের সময় আমাদের অজান্তে ৬ টন চাল বিক্রি করেন। নিয়মিত রাজস্ব আসে পরিষদে, অথচ আমরা ৮ মাস ধরে বেতন পাচ্ছি না। টাকার কথা বললেই বলেন খরচ হয়ে গেছে।
তারা আরও বলেন, গত ৫ আগস্টের আগে তিনি আওয়ামী লীগ করতেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর ইউনিয়নের কিছু নেতার সহায়তায় বিএনপির ছায়াতলে অবস্থান করছেন। মূলত তিনি কারও মতাদর্শের নন, সুবিধাবাদী।
অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বলেন, যে অভিযোগগুলো করা হয়েছে, সবই মিথ্যা। আমি নির্দোষ।
আপনার বিরুদ্ধে সব সদস্য অভিযোগ দিয়েছে কেন—এমন প্রশ্নে তিনি বলেন, এখন তারাই বলতে পারবে কেন করছে। আমি সবার সঙ্গে মিলে মিশে চলছি। একসাথে মেম্বার ছিলাম, এখন প্যানেল চেয়ারম্যান হয়েছি—হয়তো এটা তারা মেনে নিতে পারছে না, তাই এমন অভিযোগ করছে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আলমগীর বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসকের (ডিসি) পরামর্শ অনুযায়ী তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ