ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে বিশেষ সফরে সেখানে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। জুলাই বিপ্লবে গুরুতর আহত হয়ে দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডে উন্নত চিকিৎসা নিচ্ছেন এসব বিপ্লবীরা।
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার খোঁজখবর ও হাসপাতালের সংশ্লিষ্টদের সাথে আলোচনা
সফরকালে বিরোধীদলীয় নেতা গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিশেষ অনুরোধ জানান।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান
বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের অসীম সাহস ও দেশের জন্য তাদের মহান আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের দ্রুত ও পরিপূর্ণ আরোগ্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। সাক্ষাৎকালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় বিরোধীদলীয় নেতার প্রতি বিশেষভাবে আহবান জানান।
এই সফরে মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি উপস্থিত ছিলেন।

