১১ মে ২০২৬, সোমবার

পর্যটন নগরী সীতাকুণ্ডে আন্তঃনগর ট্রেন থামানোর দাবি, সংসদে উত্থাপনের আশ্বাস আসলাম চৌধুরীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
spot_img
spot_img

সীতাকুণ্ড-কে পর্যটন নগরী হিসেবে আরও বিকশিত করতে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর দাবি জোরালো হয়েছে। স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী।

শনিবার (৯ মে) উপজেলার ইপসা মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতির আয়োজিত একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে সংসদে গেলে সীতাকুণ্ডে আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনর্বহালের বিষয়টি তিনি উত্থাপন করবেন।

স্থানীয়দের অভিযোগ, একসময় সীতাকুণ্ড রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামলেও বর্তমানে অধিকাংশ ট্রেন সেখানে যাত্রাবিরতি না দেওয়ায় যাত্রী ও পর্যটকদের ভোগান্তি বাড়ছে। অথচ সীতাকুণ্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

এ অঞ্চলে রয়েছে চন্দ্রনাথ ধাম, গুলিয়াখালী সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, মহামায়া লেক, ইকোপার্কসহ অসংখ্য পর্যটন কেন্দ্র। প্রতিদিন ও ছুটির দিনে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক এখানে ভিড় জমান।

আসলাম চৌধুরী বলেন, উন্নত রেল যোগাযোগ ছাড়া পর্যটনের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। আন্তঃনগর ট্রেন থামানো হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, হোটেল-মোটেল ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রেন স্টপেজ পুনরায় চালু হলে সীতাকুণ্ডের পর্যটন খাতে নতুন গতি আসবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

জহিরুল ইসলাম

সর্বশেষ নিউজ