১১ মে ২০২৬, সোমবার

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানতে নারাজ মেসি, এগিয়ে রাখছেন রোনালদোর পর্তুগালকে!

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক হয়েও আসন্ন বিশ্বকাপ নিয়ে বাড়তি উচ্ছ্বাস বা অতি-আত্মবিশ্বাস দেখাতে নারাজ লিওনেল মেসি। বরং টানা দ্বিতীয় শিরোপা জয়ের প্রশ্নে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে নিজের দলকে সবচেয়ে বড় ফেভারিট মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। উল্টো তার চোখে বর্তমানে আর্জেন্টিনার চেয়েও বেশি পরিণত ও ভারসাম্যপূর্ণ দল হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেসি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের বুঝতে হবে, আমাদের আগে আরও কিছু ফেভারিট দল আছে, যারা অনেক ভালো অবস্থায় এই টুর্নামেন্টে এসেছে।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বেশ বাস্তববাদী অবস্থান নিয়েছেন মেসি। তার মতে, বিশ্ব ফুটবলের কিছু দল এখন আর্জেন্টিনার চেয়েও গোছানো অবস্থায় রয়েছে। বিশেষ করে পর্তুগালকে নিয়ে বেশ উঁচু ধারণা পোষণ করেন এই কিংবদন্তি। মেসি বলেন, ‘তাদের প্রতিটি পজিশনে দারুণ ভারসাম্য ও গভীরতা রয়েছে। বর্তমান আর্জেন্টিনা দলের চেয়ে পর্তুগাল আরও বেশি পরিণত একটি ইউনিট।’

তবে শুধু পর্তুগালই নয়, ২০২২ বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকেও আসন্ন বিশ্বকাপে বড় হুমকি হিসেবে দেখছেন মেসি। ফরাসিদের নিয়ে তিনি সতর্ক মন্তব্য করে বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী একটি দল হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা বর্তমানে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে।’

মেসির এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে দলের ওপর থেকে চাপের বোঝা কমাতেই অধিনায়কের এই কৌশলগত মন্তব্য কি না, তা নিয়েও বিশ্লেষণ করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

সর্বশেষ নিউজ