১১ মে ২০২৬, সোমবার

আসামে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে হিমন্ত বিশ্ব শর্মা, সর্বসম্মতিক্রমে নির্বাচিত এনডিএ নেতা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
ভারতের আসাম রাজ্যে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যটিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (১০ মে) গুয়াহাটিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। আসাম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া এই অনুষ্ঠানটিকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন।

দিলীপ সাইকিয়া আরও জানান, প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে আসামের নবনির্বাচিত ১০২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রোববার বিকেলের মধ্যেই জোটের নেতারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ১২৬ আসন বিশিষ্ট আসাম বিধানসভায় এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। জোটটি মোট ১০২টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। জোটের শরিক দল অসম গণ পরিষদ (এজিপি) ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিওপিএফ) ১০টি করে আসন পেয়েছে।

অন্যদিকে, বিরোধী শিবির মিত্রজোটের ফলাফল এবার বেশ হতাশাজনক। কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন এবং রাইজর দল জিতেছে ২টিতে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ২টি আসনে জয়লাভ করলেও, আসাম জাতীয় পরিষদ (এজেপি) কোনো আসনই জিততে পারেনি।

সর্বশেষ নিউজ