আলাদা পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভার ডিউটির জন্য ৫০ শতাংশ ওভারটাইম বিল এবং চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতিসহ একগুচ্ছ দাবি তুলেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি উত্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনলাইনে যুক্ত হন পুলিশ সদস্যরা।
পুলিশ সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজের তুলনায় বর্তমান সুযোগ-সুবিধা পর্যাপ্ত নয়। তাই দ্রুত আলাদা বেতন কাঠামো ও ঝুঁকিভাতা চালুর দাবি জানান তারা। একইসঙ্গে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম বিল চালুর দাবিও ওঠে।
কল্যাণ প্যারেডে বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার বলেন, থানার উপ-পরিদর্শকরা (এসআই) অধিকাংশ মামলার তদন্ত পরিচালনা করেন। কিন্তু যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহন না থাকায় কাজে বিঘ্ন ঘটে। এজন্য মোটরসাইকেল কেনায় সুদমুক্ত ঋণ এবং জ্বালানি ব্যয়ের বিল দেওয়ার দাবি জানান তিনি।
এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও অপারেশনাল কার্যক্রম শক্তিশালী করতে নতুন থানা, ব্যারাক ও ফাঁড়ি নির্মাণে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পুনরায় চালুরও দাবি ওঠে।
পুলিশ সদস্যদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
অন্যদিকে, নানা বিতর্কের কারণে এবার পুলিশ সপ্তাহে পুলিশ পদক প্রদান করা হয়নি। পদকের সম্ভাব্য তালিকায় বিতর্কিত ও রাজনৈতিকভাবে আলোচিত কয়েকজন কর্মকর্তার নাম ওঠায় সমালোচনার সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

