ভারতের নয়াদিল্লিতে সরকারি সফরে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। পরবর্তীতে অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে প্রবেশ না করে ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।
সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবে ওই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের। এ বিষয়ে আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
রোববার সন্ধ্যায় বিমানবন্দরে নামার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কোনো ব্যাখ্যা ছাড়াই প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখে। তার প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়েও কর্তৃপক্ষ ছিল নিশ্চুপ। এমন মর্যাদাহানিকর ও অনিশ্চিত পরিস্থিতিতে জাহেদ উর রহমান দিল্লিতে প্রবেশ না করে রাতেই কলম্বোর উদ্দেশে রওনা হন। সোমবার দুপুরের আগেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী কোনো দেশের মন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তির সঙ্গে এমন আচরণ কূটনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

