নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) সকালে ঘটা এই ঘটনায় জরুরি ভিত্তিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি ছিল তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্স’-এর। ২৭৭ জন যাত্রী এবং ১১ জন ক্রু নিয়ে ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুতে আসা উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা) ত্রিভুবন বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। কিন্তু অবতরণের প্রায় পরপরই উড়োজাহাজটির একপাশের চাকায় আগুন ধরে যায়।
পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত উড়োজাহাজটির জরুরি নির্গমন পথ (Emergency Exit) খুলে দেওয়া হয়। এরপর সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও কারও আঘাতই গুরুতর নয় বলে জানা গেছে। ত্রিভুবন বিমানবন্দরের অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ত্রিভুবন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা এসপি রাজকুমার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে জানান, “আগুন নেভানোর পাশাপাশি নিরাপদে এবং দ্রুততম সময়ের মধ্যে সব যাত্রী ও ক্রুকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।”
আগুন লাগার পর উড়োজাহাজটি বেশ কিছুক্ষণ রানওয়েতে আটকে ছিল। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রানওয়ে বন্ধ থাকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ বিলম্বিত হয়।
(সূত্র: ইন্ডিয়া টুডে)

