১১ মে ২০২৬, সোমবার

পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বেসরকারি শিল্পখাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা-২০২৬ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী সরকার কাজ করছে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে চায়।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং চীন কারিগরি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন বলেও জানান তিনি।

এদিকে চাকরি মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে জেলার এক হাজার তরুণ-তরুণীকে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ২ হাজার ৭০০ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ