বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটির কার্যক্রমে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। আজ সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। অন্যদিকে, রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।
রিট খারিজের আদেশের পর অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন।
প্রেক্ষাপট ও কমিটির বিবরণ: গত ৩০ এপ্রিল বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ মোট সাতজন আইনজীবী এই রিট করেন, যেখানে গঠিত কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছিল।
এর আগে, গত ৭ এপ্রিল একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তিন মাসের জন্য ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এনএসসি জানিয়েছিল, এই নতুন কমিটিই সাময়িকভাবে বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে।
নতুন এই অ্যাডহক কমিটির অন্য ১০ সদস্য হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

