রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাসভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, আজ সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক শেষ করেই তিনি পল্লবীতে শোকসন্তপ্ত রামিসার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে রওনা হবেন। এদিকে শিশু হত্যার এই ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
এরই ধারাবাহিকতায় মামলার তদন্ত দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন আগামী সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার মূল অভিযুক্ত সোহেল রানা গত বুধবার আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইনগত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

