রাঙামাটিতে দ্বিতীয় দিনেও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাঙামাটিতে দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা থেকে রাঙামাটির কলেজ গেট এলাকায় জড়ো হয়ে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা অভিযোগ করেন, শুধুমাত্র শারীরিক অসুস্থতার অজুহাতে দীপেন দেওয়ানের পদত্যাগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, নির্বাচনের আগে ৩১ দফা কর্মসূচি নিয়ে তিনি জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। নেতাকর্মীদের স্পষ্ট অভিযোগ, কোনো অদৃশ্য চাপ কিংবা প্রশাসনিক স্বাধীনতার অভাবের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

বিক্ষুব্ধদের ভাষ্য, “নির্বাচনের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার পর এত অল্প সময়ে অসুস্থতার কারণ দেখিয়ে সরে যাওয়া স্বাভাবিক নয়।”

‘রেইনবো নেশন’ ও পুনর্বহালের আলটিমেটাম

সমাবেশ থেকে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দীপেন দেওয়ানের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতিসত্তা বিনির্মাণের দর্শন পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নের জন্য দীপেন দেওয়ানকে পূর্ণ স্বাধীনতা দিয়ে মন্ত্রী পদে পুনরায় বহাল করার দাবি জানান তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন নেতারা।

অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাঙামাটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ নিউজ