সাতকানিয়া পৌরসভা এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ‘জমিরিয়া সুলতানুল উলুম মাদরাসা’য় হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মাদরাসার রাস্তার বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেছে এবং দেওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২০ জুন) দুপুরের দিকে সংঘটিত এই ঘটনার পর থেকে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া পৌরসভা এলাকার জমিরিয়া সুলতানুল উলুম মাদরাসার সীমানা ও চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে গতকাল দুপুরে একদল উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাদরাসা প্রাঙ্গণে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা মাদরাসার প্রবেশপথের রাস্তার বাউন্ডারি ওয়ালটি হাতুড়ি ও সাবল দিয়ে গুঁড়িয়ে দেয়। ভাঙচুর শেষে তারা দেওয়ালে রাজনৈতিক স্লোগান ‘জয় বাংলা’ লিখে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মাদরাসার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাউন্ডারি ওয়াল ভাঙচুরের ফলে মাদরাসার নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও সাতকানিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

