রংপুরে প্রশ্ন ফাঁস ও প্রক্সি চক্রের ৬ সদস্য গ্রেফতার: মূল সনদ ও ব্লাঙ্ক চেক উদ্ধার

রংপুর কার্যালয়
spot_img
spot_img

রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অর্থের বিনিময়ে ভুয়া (প্রক্সি) পরীক্ষার্থী সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৯ জুন রাতে মহানগরীর ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর মহানগরীর কোতয়ালী থানার কামাল কাছনা চিরারমিল এলাকার মো. ফেরদৌস আলমের ছেলে মো. তাওরাত আকরাম (২৭) ,সাতগাড়া এলাকার মো. মোবারক আলীর ছেলে মো. বাধন মিয়া (৩৭),রংপুর মহানগরীর পরশুরাম থানার ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুকদামোদরপুর এলাকার মো. ইমদাদুল হকের ছেলে মো. আতিকুর রহমান (৩৪) এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলীপাড়া এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে  মো. হাফিজ আল মামুন (২০) এবং মো. আশরাফুল ইসলাম (৩৬)।

শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসামিদের গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চাকরিপ্রার্থীদের ৪টি মূল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ১৫টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি ব্ল্যাংক (খালি) চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আরে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং প্রশ্ন ফাঁস চক্রের সাথে সরাসরি জড়িত।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ নিউজ