২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এই উত্তেজনার মাঝে ব্যতিক্রমী এক দাবি নিয়ে হাজির হয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা ও জ্যোতিষী আবদুস ছালাম শিকদার। তার দাবি, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স এবং ফাইনালে তারা ইংল্যান্ডকে পরাজিত করবে।
ফাইনালের নাটকীয় সমীকরণ
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে আবদুস ছালাম শিকদার দাবি করেছেন, তিনি বিশ্বকাপের চূড়ান্ত পরিণতির পূর্বাভাস পেয়েছেন। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী:
-
সেমিফাইনালের চিত্র: আর্জেন্টিনা ও স্পেন সেমিফাইনাল থেকেই বিদায় নেবে। লাতিন আমেরিকার শক্তি ব্রাজিল ফাইনালের ঠিক আগে অর্থাৎ সেমিফাইনালে এসে ছিটকে পড়বে।
-
ফাইনাল রণাঙ্গন: ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স।
-
চ্যাম্পিয়ন: ইংল্যান্ডের দর্প চূর্ণ করে সোনালী ট্রফি উঠবে ফ্রান্সের হাতে।
তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বল মাঠে গড়ানোর পর প্রতিটি মুহূর্ত তার এই পূর্বাভাসের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাবে।
জ্যোতিষীর পরিচিতি ও আত্মবিশ্বাস
জ্যোতিষী আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালে পটুয়াখালীর কলাপাড়ার বাদুরতলী গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ এ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষশাস্ত্রে ডিগ্রি অর্জন করা এই ব্যক্তি জানান, তিনি দুই সপ্তাহ ধরে গবেষণার পর এই প্রেডিকশন সম্পন্ন করেছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এবং ইরান-ইসরায়েল সংকট নিয়ে তার করা ভবিষ্যদ্বাণী সফল হয়েছিল বলে তিনি দাবি করেন।
মানুষের আগ্রহ ও কৌতূহল থেকেই তিনি মূলত এই ধরনের প্রেডিকশন করে থাকেন বলে জানিয়েছেন। এখন ফুটবলপ্রেমীদের দেখার বিষয়, ১৯ জুলাই ফাইনাল শেষে এই ভবিষ্যদ্বাণী কতটা বাস্তবতায় রূপ নেয়।

