নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে পরিচিত এই অভিনেতা মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তরুণ-তরুণীদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
তবে অভিনয়জীবন শুরু হয়েছিল টেলিভিশন নাটকের মাধ্যমে। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। পরে ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন।
সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যু আজও রহস্যঘেরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
