যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় চার সেলাই

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সমু চৌধুরীর অভিযোগ, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে গ্যারেজের মালিক হৃদয় দাবি করেছেন, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার ভাষ্য, মেকানিক জাহাঙ্গীর পরে ফোনে তাকে জানিয়েছেন, গালিগালাজের জেরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা ও এলাকাবাসী নিন্দা জানিয়েছেন। তারা হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

তিনি আরও বলেন, অভিযোগ ও ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হামলার প্রকৃত কারণ এবং কারা সরাসরি জড়িত ছিলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ নিউজ