মৌলভীবাজারের ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন জাল ও মশারি দিয়ে এসব মাছ সংগ্রহ করতে শুরু করেন। শিশুদেরও নদী থেকে মরা মাছ কুড়িয়ে নিতে দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা নদীতে বিষ প্রয়োগ করেছে। এতে বাঘমাছ, মিরগা, চিংড়ি, বাইং, গুলশা, মলা-ঢেলা ও পুঁটিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ মারা গেছে।
মাছ সংগ্রহ করতে আসা জয়নাল মিয়া ও তার ছেলে জানান, প্রতি বছরই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। তারা এসব মাছ বাড়িতে নিয়ে রান্না করে খাওয়ার কথা বললেও এভাবে মাছ নিধনকে অন্যায় বলে উল্লেখ করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা তামিম ও নাজমুল হাসান বলেন, শুষ্ক মৌসুমে প্রায়ই এমন ঘটনা ঘটে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর প্রতিকার মিলছে না বলে তাদের অভিযোগ। এভাবে নির্বিচারে মাছ নিধন চলতে থাকলে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. জাকির হোসেন বলেন, বিষক্রিয়ায় মারা যাওয়া মাছ রান্না করে খেলেও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এতে কিডনি ও স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বিষ প্রয়োগে মারা গেছে বলে সন্দেহ হয়—এমন মাছ না খাওয়ার পরামর্শ দেন।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে বিষ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ধলাই নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

