মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসকের ৪৫ পদ শূন্য, সেবা ব্যাহত

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রোগীর চাপ বাড়লেও সে তুলনায় চিকিৎসকের সংখ্যা বাড়ছে না। বরং হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসক ও কর্মচারীর পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসকের ৮৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩৯ জন। অর্থাৎ ৪৫টি পদই শূন্য রয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। জেলার বিভিন্ন এলাকা থেকে সর্দি-জ্বর, হাম, রুবেলা, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে এসেছেন।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বহির্বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৯০১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। জরুরি বিভাগে সেবা নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ২৫৬ জন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪৪ হাজার ৭৪৭ জন রোগী।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক জানান, এখানে হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সেবা দিতে গিয়ে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি জানান, হাসপাতালের ৮৪টি চিকিৎসক পদের মধ্যে ৪৫টিই শূন্য। শুধু সহকারী সার্জনেরই ২৫টি পদ খালি রয়েছে। হৃদরোগ বিভাগে কোনো চিকিৎসক না থাকায় মেডিসিন বিভাগের একজন চিকিৎসক দিয়ে সেবা চালাতে হচ্ছে।

এছাড়া নাক-কান-গলা বিভাগে মাত্র একজন চিকিৎসক থাকায় জরুরি অস্ত্রোপচার চালাতে গিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখতে হয় বলে জানান তিনি।

হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীরও ১৪টি পদ শূন্য রয়েছে। এতে পরিচ্ছন্নতা কার্যক্রমেও চাপ তৈরি হচ্ছে।

ডা. বিনেন্দু ভৌমিক বলেন, শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জরুরি বৈঠকে থাকায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ