তাহসিফ হত্যা: বারে সঙ্গে থাকা তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
সাবেক সামরিক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা তরুণী জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পুলিশের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে গত ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে দিশার উপস্থিতির তথ্য পাওয়া গেছে। ওই দিন সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্টে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। মামলার আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতেও তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা।

পুলিশের আবেদনে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, আলামত উদ্ধার এবং ঘটনার স্থান নির্ধারণসহ ছয়টি কারণ উল্লেখ করা হয়। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপও বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশা ও দীপের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ নিউজ