৪ নভেম্বর তিন দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবিতে আগামী ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১ নভেম্বর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. আবুল বাশারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দফা দাবির পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিও জানানো হবে।

এর আগে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ জারির প্রতিবাদে দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক-কর্মচারীরা।

এদিকে, তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে জোট। একই সঙ্গে অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিককে প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ নিউজ