কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তায় তাঁর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণ করেন এই চিত্রনায়ক।
পোস্টে ওমর সানী লিখেছেন, ‘ঋতুপর্ণা তুমি অসাধারণ আর্টিস্ট। তোমার সাথে কাজ করেছি কলকাতার ছবিতে, ফ্যাবুলাস। তুমি এত আন্তরিক। তোমার আর মৌসুমীর বন্ধুত্ব আমি দেখেছি, গর্জিয়াস। আজকে তোমার জন্মদিন। শুভ জন্মদিন ঋতুপর্ণা। ভীষণ মিস করি তোমাকে।’
বার্তায় ঋতুপর্ণার সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি নিজের স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ও বন্ধুত্বের বিষয়টিও স্মরণ করেন ওমর সানী। দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে সমান জনপ্রিয় ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে ঢালিউড অভিনেতার এমন উষ্ণ শুভেচ্ছা ভক্ত ও অনুরাগীদের নজর কেড়েছে।

