৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে: হাইকোর্টের রায়

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার সংক্রান্ত জটিলতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে ৫ লাখ টাকা বা এর কম অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার করবেন যুগ্ম দায়রা জজ আদালত।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় প্রদান করেন।

আইনজীবীর তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর মাধ্যমে মূল আইনের ১৪১ ধারার (সি) দফা সংশোধন করা হয়। সংশোধিত আইন অনুযায়ী, চেকের অভিহিত মূল্য ৫ লাখ টাকা অতিক্রম করলে মামলা যাবে যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে এবং অন্যথায় তা মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ারভুক্ত হবে।

তবে আইন সংশোধনের পরও দেশের বিভিন্ন আদালতে এর সঠিক প্রয়োগ নিয়ে ধোঁয়াশা ছিল। ফলে ১ লাখ ৮৬ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলা আইনগতভাবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার্য হওয়া সত্ত্বেও যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। এ বিষয়ে জয়পুরহাটের একটি মামলাকে কেন্দ্র করে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মাহমুদুল আরেফিন স্বপন। দীর্ঘ শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।

হাইকোর্টের এই স্পষ্ট নির্দেশনার ফলে যুগ্ম দায়রা জজ আদালতে বর্তমানে বিচারাধীন ৫ লাখ টাকা বা এর কম অঙ্কের মামলাগুলোর বিচারিক এখতিয়ার ওই আদালতের আর থাকছে না। আদালতের এই যুগান্তকারী রায়ের ফলে চেক ডিজঅনার মামলার বিচারিক জট কমার পাশাপাশি বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সর্বশেষ নিউজ