চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান: অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুরে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সুরক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলার দেবপুর বাজার, কৈয়ারপুল, ধেররা এবং বলাখাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ‘এইচ.বি. সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’কে ৩০ হাজার টাকা এবং বৈধ লাইসেন্স ছাড়াই এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ‘সিদরাত ফুয়েল স্টেশন’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানকালে এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ ক্রেতাদের মাঝে লিফলেটও বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে বাজার মনিটরিংয়ের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

সর্বশেষ নিউজ