চট্টগ্রাম নগরীতে চোরাই ডাম্প ট্রাক খণ্ডবিখণ্ড করে বিক্রির চেষ্টার সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি নম্বরবিহীন ডাম্প ট্রাক উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সিএমপির ডিবি (উত্তর) বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে রোববার (৮ নভেম্বর) নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে শওকত আলী (৪২) ও আবু তৈয়ব আলীকে (২৯) গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার সাগরিকা সেনবাড়ি রোডের আবু মিস্ত্রির গ্যারেজ থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ি কাটাই ও বিক্রির পরিকল্পনায় জড়িত গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রিকে (৫৮) গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, শওকত আলীর প্ররোচনায় গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ডাম্প ট্রাকটি চুরি করেন আবু তৈয়ব আলী। পরে চুরিকৃত গাড়িটি বিশেষ উপায়ে চট্টগ্রামে এনে শওকতের কাছে হস্তান্তর করা হয়। পাহাড়তলীর গ্যারেজে রেখে গাড়িটি কেটে বিভিন্ন খণ্ডে বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছিল।
ডিবি উত্তর বিভাগের ১ নম্বর টিমের পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১ এই অভিযান পরিচালনা করে। সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি ও খণ্ডাংশে কেটে বিক্রি চক্রের সঙ্গে জড়িত এই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

