ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘কনসার্ট ফর সলিডারিটি’।
কোনো ধরনের টিকিট ছাড়াই সবার জন্য উন্মুক্ত এই সংগীতানুষ্ঠান উপভোগ করতে শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার সংগীতপ্রেমী তরুণ-তরুণী ও সর্বস্তরের মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় জমাতে শুরু করেন।
বিকেল ৪টায় শুরু হওয়া প্রায় সাত ঘণ্টার এই জমকালো আয়োজনে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স-এর পরিবেশনা থাকার কারণে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে প্রিয় ব্যান্ড ও শিল্পীদের সরাসরি গান শোনার জন্য তরুণ প্রজন্মের মাঝে চরম উন্মাদনা লক্ষ করা যায়। এদিকে, বিশাল এই জনসমাগম ও কনসার্ট ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় পর্যাপ্তসংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

